ঢাকা বিকাল ৪:৪৯ শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ

উপজেলা প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী-১ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু ও জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি সিভিল জজ মো. এহসানুল হক তাদের বিরুদ্ধে পৃথক কারণ দর্শানোর নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়, রফিকুল আলম মজনু নামীয় ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়ে নানা ধরনের পোস্টার, ব্যানার ও ভিডিও প্রচার করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধিদ্বয়ের লঙ্ঘন। ফলে ওই ফেসবুক পেজের কার্যক্রম বিশ্লেষণে কমিটি কর্তৃক স্ব-উদ্যোগে অনুসন্ধান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করায় সংশ্লিষ্ট ফেসবুক পেজ সম্পর্কিত অভিযোগটি নির্বাচনি অভিযোগ নং-০১/২০২৬ হিসেবে রেজিস্ট্রিভুক্ত করা হোক। ওই বিধিমালার ১৮ বিধি মোতাবেক ২২ জানুয়ারির আগে প্রার্থী কর্তৃক নির্বাচনি প্রচারণা করার কোনো আইনি সুযোগ নেই। সুতরাং রফিকুল আলম মজনুকে আগামী ২১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় অত্র নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, ফেনী-১ এর অস্থায়ী কার্যালয়ে (সিনিয়র সিভিল জজ আদালত, ছাগলনাইয়া) সশরীরে উপস্থিত হয়ে অত্র কমিটি নির্বাচন কমিশন বরাবর তার (অভিযুক্ত প্রার্থী) বিরুদ্ধে কেন বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন না- তা লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।

পৃথক অন্য আরেকটি নোটিশে উল্লেখ করা হয়, অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন এবং জননেতা কামাল ভাই ফেনী-১ নামীয় ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ভোট চেয়ে নানা ধরনের পোস্টার, ব্যানার ও গণসংযোগ কার্যক্রমের ভিডিও প্রচার করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধিদ্বয়ের লঙ্ঘন। ফলে ওই ফেসবুক পেজগুলোর কার্যক্রম বিশ্লেষণে কমিটি কর্তৃক স্ব-উদ্যোগে অনুসন্ধান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করায় সংশ্লিষ্ট ফেসবুক পেজ সম্পর্কিত অভিযোগটি নির্বাচনি অভিযোগ নং ০২/২০২৬ হিসেবে রেজিস্ট্রিভুক্ত করা হোক। ওই বিধিমালার ১৮ বিধি মোতাবেক ২২ জানুয়ারির আগে প্রার্থী কর্তৃক নির্বাচনি প্রচারণা করার কোনো আইনি সুযোগ নেই। সুতরাং এসএম কামাল উদ্দিনকে আগামী ২১ জানুয়ারি বিকাল ৩টায় অত্র নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, ফেনী-১ এর অস্থায়ী কার্যালয়ে (সিনিয়র সিভিল জজ আদালত, ছাগলনাইয়া) সশরীরে উপস্থিত হয়ে অত্র কমিটি নির্বাচন কমিশন বরাবর তার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন না- তা লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায়, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।