ঢাকা বিকাল ৪:০৬ বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন কমিশন একটি গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে: ছাত্রদল সভাপতি

নাজমুল হাছান
জানুয়ারি ১৮, ২০২৬ ৭:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিব।

রোববার (১৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

রাকিব বলেন, নির্বাচন কমিশন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনে অনৈতিকভাবে একটি বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দিতে বারবার নির্বাচনের তারিখ পরিবর্তন ও স্থগিত করেছে।

তিনি বলেন, ‘আমরা লক্ষ করছি, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রতিনিয়ত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছে। সচিবালয় বা নির্বাচন কমিশনে তাদের কোনো কাজ না থাকলেও তারা সেখানে অবাধ বিচরণ ও প্রভাব বিস্তার করছে।’

উল্লেখ্য যে, তিন বিষয়ে অভিযোগ এনে ‘নির্বাচন কমিশন ভবন ঘেরাও’ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের আনা তিন অভিযোগ হলো-

১. পোস্টাল ব্যালট-সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল এবং যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।