ঢাকা ভোর ৫:৩৬ রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

বিনোদন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজনৈতিক আলোচনা ঘিরে সমাজে থাকা ‘ট্যাবু’ ভাঙার গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। সিনেমাটি নিয়ে দেশের মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি।

শুক্রবার (১৬ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। সিনেমাটি নির্মাণ করেছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।

সিনেমাটির পটভূমি ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানকে ঘিরে তৈরি। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সময়ের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসও তুলে ধরা হয়েছে এ সিনেমায়।

সিনেমা নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে নির্মাতা আহমেদ হাসান সানি জানান, ‘সিনেমাটি নির্মাণ ছিল এক অদ্ভুত কঠিন কিন্তু সুন্দর অভিজ্ঞতা। ভিন্ন ধরনের কিছু দেখানোর চেষ্টা করেছি, আশা করছি দর্শক সিনেমাটির সঙ্গে এক সংযোগ খুঁজে পাবেন।’

উল্লেখ্য, এর আগে এই সংগীতশিল্পী বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এটি তার প্রথম কাজ।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলমসহ অনেকে। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন খালিদ মাহমুদ।

জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। এর মধ্যে সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মিরপুরের সনি স্কয়ার, উত্তরার সেন্টার পয়েন্ট এবং চট্টগ্রামের বালি আর্কিডে মোট ১৪টি শোতে প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।