ঢাকা রাত ৩:৫৫ রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ আর্মি নিয়ে প্রীতমের ‘প্রহরী’

বিনোদন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

গান হোক আর অভিনয় প্রীতম হাসান মানেই বিশেষ কিছু। অভিনয়ের পাশাপাশি নানা ধরনের গান করে দর্শকশ্রোতাদের মুগ্ধ করে আসেছেন তিনি। তবে এবার ‘প্রহরী’র মাধ্যমে হাজির হলেন একেবারেই ভিন্ন আঙ্গিকে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশ পেলো ‘প্রহরী’ শিরোনামের নতুন গান। তবে এটি শুধু গান নয়, আবেগে ঘেরা এক ইতিহাস। কারণ এটি তৈরি হয়েছে একজন বীরউত্তমকে নিয়ে।

মুক্তিযুদ্ধের সূচনালগ্নে প্রথম সশস্ত্র প্রতিরোধে শহীদ হওয়া সামরিক কর্মকর্তা বীরউত্তম লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ হয়েছে প্রীতমের নতুন গান ‘প্রহরী’।

গানের প্রতিটি শব্দে ফুটে উঠেছে বাংলাদেশ আর্মির অদম্য সাহস, ত্যাগ ও সততা
মিউজিক ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঝখানে দাঁড়িয়ে গান গাইছেন প্রীতম হাসান। আর এরই সাথে জীবন্ত হয়ে উঠেছে সেনাবাহিনীর পেশাজীবনের উত্তেজনাপূর্ণ নানা মুহূর্ত।

অল্প সময়ের মধ্যেই গানটি ইউটিউব ও ফেসবুকে বেশ প্রশংসা কুড়িয়েছে। সাধারণ দর্শক থেকে শুরু করে জনপ্রিয় তারকারাও তাদের ভালো লাগার কথা জানিয়েছে মন্তব্য ঘরে। এর মধ্যে রয়েছে আরিফিন শুভ, নওশাবা আহমেদ, শামীম হাসান সরকার প্রমুখ।

অনেকেই গানটিকে প্রীতম হাসানের সেরা কাজ বলে প্রশংসা করছেন। জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির লেখেন, ‘অসাধারণ একটি গানের সাথে তৈরি একটি সুন্দর অনুপ্রেরণামূলক গল্প।’

গায়িকা সুনিধি নায়েক লেখেন, ‘আমরা প্রীতম হাসানের যুগে বাস করছি। ফাটাফাটি হয়েছে।‘

প্রহরী গানটিতে কণ্ঠ দেয়ার সঙ্গে এর সংগীত পরিচালনাও করেছেন প্রীতম হাসান। লিখেছেন রাসেল মাহমুদ। ভিডিও নির্মাণ করেছেন মানজুর অনিক। গানটি প্রযোজনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

‘প্রহরী’ নিয়ে প্রীতম বলেন, ‘গানটিতে আমরা এমন কিছু করতে চেয়েছি, যেটা আগে করা হয়নি। ফলাফল নিয়ে আমি সত্যিই সন্তুষ্ট। আশা করছি, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা হলিউড বা ভিন্নধর্মী স্টাইলের দিকে বেশি ঝোঁকে তাদের জন্য এটি হবে ভিন্নরকম এক অভিজ্ঞতা।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।